জ্ঞান · শৃঙ্খলা · স্বেচ্ছাসেবক  •  Knowledge, Discipline, The Volunteers

Category: HQ & Official

  • পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬: সাধারণ নির্দেশিকা জারি — ক্যাডেটদের প্রস্তুতি, সঙ্গে আনার তালিকা ও করণীয়-বর্জনীয়

    পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬: সাধারণ নির্দেশিকা জারি — ক্যাডেটদের প্রস্তুতি, সঙ্গে আনার তালিকা ও করণীয়-বর্জনীয়

    চট্টগ্রাম, ০১ অক্টোবর ২০২৬: কর্ণফুলী রেজিমেন্টের ব্যবস্থাপনায় আগামী ০৩–০৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য “জনযুদ্ধ মতবাদের আলোকে প্রশিক্ষণ ও বাহিনী গঠন– পাইলট প্রজেক্ট” (বিএনসিসি ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণ পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬) উপলক্ষে রেজিমেন্ট সদর দপ্তর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিস্তারিত সাধারণ নির্দেশিকা জারি করেছে। ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেট, অভিভাবক ও প্লাটুন কর্মকর্তাদের জানার উপযোগী মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো।

    এক নজরে ক্যাম্প

    প্রশিক্ষণের নামজনযুদ্ধ মতবাদের আলোকে প্রশিক্ষণ ও বাহিনী গঠন– পাইলট প্রজেক্ট
    স্থিতিকাল০৩ অক্টোবর ২০২৬ হতে ০৯ অক্টোবর ২০২৬ — মোট ০৭ (সাত) দিন (যাতায়াতসহ)
    স্থানকুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম
    অংশগ্রহণকারী ইউনিট১১, ১২, ১৩, ১৪ ও ১৫ বিএনসিসি ব্যাটালিয়ন, ৫২ বিএনসিসি ফ্লোটিলা এবং ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন
    ক্যাডেট সংখ্যাসিনিয়র ডিভিশনের ৪০০ জন (৩৫০ জন + ৫০ জন সংরক্ষিত) — সেনা, নৌ ও বিমান উইংসহ
    মূলদলের যোগদান০৩ অক্টোবর ২০২৬, ১৫০০ ঘটিকার মধ্যে ক্যাম্পে
    পোশাকখাকী পোশাকে আগমন ও প্রত্যাবর্তন; বেসামরিক পোশাকে যোগদান করা যাবে না

    উদ্দেশ্য

    আপদকালীন সময়ে ক্যাডেটরা যাতে প্যারামিলিটারি ফোর্স হিসেবে বিশেষ অবদান রাখতে পারে, সে লক্ষ্যে বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা। নতুন ভর্তিকৃত অথবা ইতিপূর্বে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং করেনি — এমন সিনিয়র ডিভিশন ক্যাডেটদের নিয়ে এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।

    ক্যাডেট নির্বাচনের নীতিমালা

    • যারা ইতিপূর্বে কোনো ক্যাম্পে অংশগ্রহণ করেনি, এমন ৩০০ জন ক্যাডেট অংশ নেবে। কমান্ড ও কন্ট্রোলের জন্য ক্যাম্প সম্পন্নকারী ৫০ জন অভিজ্ঞ পুরাতন ক্যাডেট এবং আরও ৫০ জন সংরক্ষিত হিসেবে থাকবে।
    • নির্বাচিত ক্যাডেটদের উন্নত শৃঙ্খলা, শারীরিক যোগ্যতা এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণের মনোভাব থাকতে হবে।
    • শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে; হাঁপানী, হৃদরোগ, কানের সমস্যা, চর্মরোগ বা ছোঁয়াচে রোগে আক্রান্ত ক্যাডেটকে নির্বাচন করা যাবে না।
    • মেয়াদোত্তীর্ণ, অব্যাহতিপ্রাপ্ত, বাতিল, বহিষ্কৃত ও ভর্তিবিহীন ক্যাডেটদের কোনোক্রমেই নির্বাচন করা যাবে না।
    • নির্বাচিত ক্যাডেটদের অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পে অবস্থান করতে হবে।

    প্রতিটি ব্যাটালিয়ন নির্বাচিত বিএনসিসিও, পিইউও, টিইউও ও ক্যাডেটদের নামীয় তালিকা (ক্র/নং, ক্যাডেট নং, পদবী, নাম, শিক্ষা প্রতিষ্ঠান, পূর্বে ক্যাম্পে অংশগ্রহণ করলে তার নাম, মন্তব্য) নির্ধারিত ছকে সফট ও হার্ড কপিতে রেজিমেন্টে প্রেরণ করবে।

    প্রশিক্ষণ ও কার্যক্রম

    • সংযুক্ত মডিউল অনুযায়ী শেডভিত্তিক প্রশিক্ষণ পরিচালিত হবে; প্রতিদিনের অগ্রগতি রেজিমেন্ট কমান্ডারকে অবহিত করা হবে।
    • সিনিয়র পুরুষ ও মহিলা ক্যাডেটদের প্রশিক্ষক দলের তত্ত্বাবধানে ফায়ারিং অনুশীলন এবং উপদলে ভাগ করে বেয়নেট ফাইটিং অনুশীলন করানো হবে।
    • ব্যাটালিয়ন পর্যায়ে বাছাইকৃত আইটেম নিয়ে ০৮ অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
    • ক্যাম্পের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে (উদ্বোধন ০৪ অক্টোবর, সমাপনী ০৮ অক্টোবর)।
    • সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল ক্যাডেটকে সনদপত্র প্রদান করা হবে।
    • ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে, সিভিল সার্জন দপ্তরের চিকিৎসক নিয়োজিত থাকবেন। কোনো ক্যাডেট এক দিনের বেশি অসুস্থ থাকলে বা হাসপাতালে ভর্তি হলে সুস্থতা সাপেক্ষে ক্যাম্প হতে প্রত্যাহার করা হবে।
    • ক্যাডেটদের সুবিধার্থে ক্যাম্পে একটি ক্যান্টিন থাকবে।

    ক্যাডেটদের যা অবশ্যই করতে হবে

    • সম্মতি ও ঝুঁকি সনদ (ক্রোড়পত্র ‘ঘ’): প্রত্যেক ক্যাডেট পিতা/মাতার সম্মতিসহ রিস্ক সনদ পূরণ করে নিজ ব্যাটালিয়নের মাধ্যমে ক্যাম্পের অভ্যর্থনা কেন্দ্রে জমা দেবে।
    • সরকারী পোশাক ও দ্রব্য সামগ্রীর তালিকা: ক্যাডেটের স্বাক্ষর ও প্লাটুন কমান্ডারের প্রতিস্বাক্ষরসহ তালিকা আগমনের দিনই অভ্যর্থনা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সামরিক প্রশিক্ষকের কাছে জমা দিতে হবে। আগমন ও প্রস্থানের সময় তালিকার সঙ্গে জিনিসপত্র মিলিয়ে দেখা হবে।
    • সকল ক্যাডেট অবশ্যই কাঠের রাইফেল সঙ্গে আনবে।
    • ক্যাম্পে আগমনের আগে চুল ও দাঁড়ি সঠিকভাবে কেটে আসতে হবে। শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত হলে ক্যাডেটশীপ বাতিলসহ নিজ খরচে ক্যাম্প হতে ফেরত পাঠানো হবে।
    • কোনো ক্যাডেট ক্যাম্পের অভ্যন্তরে ব্যক্তিগতভাবে মোবাইল ফোন ব্যবহার করবে না; জরুরি যোগাযোগের ব্যবস্থা ক্যান্টিন এনসিও-র তত্ত্বাবধানে থাকবে।

    সঙ্গে আনার পোশাক ও জিনিসপত্র

    ইউনিফরম, মশারী (বাধ্যতামূলক), বেসামরিক পোশাক, হালকা বিছানাপত্র এবং প্রতি ব্যাটালিয়নের ব্যানারসহ নিচের জিনিসপত্র সঙ্গে আনতে হবে — যা সংশ্লিষ্ট প্লাটুন কমান্ডার নিশ্চিত করবেন:

    ক্রমিকদ্রব্যের নামপরিমাণ
    ১ইউনিফরম (খাকী)০২ জোড়া (০১ জোড়া নতুন)
    ২ব্যারেট ক্যাপ ও ক্রম০১ টি (নতুন)
    ৩ক্যাপ ব্যাজ বি এন সি সি০১ টি (নতুন)
    ৪পিটি সুজ/কেডস০১ জোড়া
    ৫বেল্ট০১ টি (নতুন)
    ৬ফরমেশন সাইন বিএনসিসি০২ টি
    ৭বুট০২ জোড়া
    ৮টাইটেল শোল্ডার বিএনসিসি০১ জোড়া
    ৯নেম প্লেট০২ টি (০১টি নতুন সংরক্ষিত)
    ১০গ্রাউন্ডসীট০১ টি (রেজিমেন্ট কর্তৃক দেয়া হবে)
    ১১মশারী (সিঙ্গেল)০১ টি (ব্যক্তিগত)
    ১২কম্বল০১ টি (ব্যক্তিগত)
    ১৩স্লিপিং ব্যাগইস্যু অনুযায়ী/নিজস্ব
    ১৪হ্যাভার স্যাকইস্যু অনুযায়ী/নিজস্ব
    ১৫স্কার্ফ লেডিস (মহিলা ক্যাডেটদের জন্য)০১ জোড়া
    ১৬হালকা বিছানা পত্রপ্রয়োজন অনুযায়ী
    ১৭প্লেট, মগ/গ্লাস, ও বালতী (শুধুমাত্র ক্যাডেটদের জন্য)প্রয়োজন অনুযায়ী
    ১৮মহিলা ক্যাডেটদের জন্য হাইজিন এবং সেনিটেশন দ্রব্যাদিপ্রয়োজন অনুযায়ী
    ১৯সেভিং কীটপ্রয়োজন মত
    ২০আন্ডার গার্মেন্টসপ্রয়োজন মত
    ২১ট্রাউজারপ্রয়োজন অনুযায়ী
    ২২ফুল স্লিভ শার্টপ্রয়োজন অনুযায়ী
    ২৩শীতবস্ত্র/সোয়েটার/ব্লেজারপ্রয়োজন অনুযায়ী
    ২৪ট্যাক স্যুট০১ টি
    ২৫সিভিল সু০১ জোড়া
    ২৬অন্যান্য ব্যক্তিগত পোশাকপ্রয়োজন অনুযায়ী

    করণীয়

    1. ক্যাম্পে অংশগ্রহণকারী সকলকে প্রদত্ত সকল আদেশ, বিধি নিষেধ সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।
    2. ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেট কর্তৃক প্রতিদিন ক্যাম্পে ব্যাটালিয়ন ভিত্তিক নির্ধারিত স্থানে ১৯৩০ ঘটিকা হতে ২১৩০ ঘটিকা পর্যন্ত সাংস্কৃতিক কর্মকান্ড অনুশীলন করবে। অনুশীলন কালীন এশার আযানের সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ২০ মিনিট অনুশীলন বিরতি পালন নিশ্চিত করবেন।
    3. ক্যাম্পে অংশগ্রহণকারী সকলকে নির্ধারিত টয়লেট ও ইউরিনাল ব্যবহার করতে হবে।
    4. প্রশিক্ষণ ক্যাম্পে সকল ক্যাডেটদের গার্জিয়ান/অতিথি আগমন সম্পূর্ণ নিষিদ্ধ। জরুরী প্রয়োজনে ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট এর মাধ্যমে রেজিমেন্ট কমান্ডারের অনুমোদন সাপেক্ষে অনুমোদিত গার্জিয়ান/অতিথি নির্দিষ্ট এলাকায় ক্যাডেটদের সংগে সাক্ষাৎ করতে পারবেন।
    5. ব্যাটালিয়ন কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যহ সকল ক্যাডেটকে সকাল সন্ধ্যায় ফল ইন ও রোল কলে যোগদান নিশ্চিত করতে হবে।
    6. মূল্যবান দ্রব্য সামগ্রী যেমন-ঘড়ি এবং নিজস্ব খরচের জন্য সর্বোচ্চ ১০০০/- টাকা সংগে আনা যাবে তবে এগুলো নিজ দায়িত্বে রাখতে হবে এবং হারিয়ে গেলে বা নষ্ট হলে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। ক্যামেরা, ল্যাপটপ কিংবা স্বর্ণলংকার ক্যাম্পে বহন করা যাবে না।
    7. ক্যাম্পে অংশগ্রহণকারী সকল ক্যাডেট সন্ধ্যাকালীন আহারের পরবর্তী কার্যক্রমের সময় ফুল শার্ট, ফুল প্যান্ট, জুতা, সোয়েটার/কোট ইত্যাদি পরিধান করবে।

    অকরণীয়/বর্জনীয়

    1. বিনা অনুমতিতে অনুশীলন এলাকা ত্যাগ করা যাবে না।
    2. অফিসার এবং সামরিক ও বেসামরিক কর্মচারীদের বাসস্থান এলাকা এবং ক্যাম্প এলাকা অতিক্রম/গমন করা যাবে না।
    3. ক্যাম্প চলাকালীন সময় সকল স্থানে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়াদি আলোচনা করা হতে বিরত থাকতে হবে।
    4. কোন পুরুষ ক্যাডেট, সামরিক প্রশিক্ষক ও বেসামরিক কর্মচারী মহিলা ক্যাডেটদের বাসস্থান বা তদসংলগ্ন এলাকায় এবং কোন মহিলা ক্যাডেট পুরুষ ক্যাডেটদের বাসস্থান বা তদসংলগ্ন স্থানে যেতে পারবে না। এছাড়া সিনিয়র/জুনিয়র ডিভিশন ক্যাডেটগণও একে অন্যের বাসস্থানে যাতায়াত করবে না।
    5. সরবরাহকৃত ও ক্যাম্পে স্থাপিত নলকূপের পানি ব্যতীত অন্য কোন উৎস হতে পানি পান করা যাবে না।
    6. নির্ধারিত স্থান ছাড়া উচ্ছিষ্ট খাবার এবং অন্যান্য আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না।
    7. বাহিরের হোটেল বা রেস্তোরা হতে কোন প্রকার খাদ্য সংগ্রহ/গ্রহণ করা যাবে না।
    8. ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কোন প্রকার ঔষধ সেবন করা যাবে না।
    9. কোন প্রকার আগ্নেয়াস্ত্র, চাকু, ধারালো অস্ত্র নিজের নিকট রাখা/সংরক্ষণ করা যাবে না।
    10. ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটগণ অনুশীলন এলাকায় ধুমপান করতে পারবে না।
    11. কোন প্রকার মাদক দ্রব্য সেবন, গ্রহণ ও বহন দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
    12. দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি এবং জ্বলন্ত কোন বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
    13. তাঁবুর ভিতর খোলা আগুন দ্বারা আলোর উৎস যেমন-মোমবাতি, কোরোসিনের কুপি, কয়েল ইত্যাদি জ্বালানো যাবে না এবং কেহ কোন প্রকার দাহ্য/রাসায়নিক দ্রব্য রাখতে পারবে না। মশার উপদ্রব হতে রক্ষা পেতে সকলে মশারী ব্যবহার করবে। প্রয়োজনে অডোমাস ক্রিম ব্যবহার করবে যা ক্যান্টিনে পাওয়া যাবে।
    14. কোন ক্যাডেট মূল্যবান কোন জিনিসপত্র (যেমন-সোনার গহনা, আংটি, রেডিও, পোষা পশু, পাখি, চাকু ইত্যাদি) সংগে আনবে না।
    15. ক্যাডেটদের পুকুরে গোসল করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
    16. প্রশিক্ষণ এলাকায় অবস্থিত ফুল বাগান হতে ফুল ছেড়া এবং তার মধ্য দিয়ে যাতায়াত সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
    17. ক্যাম্পে অংশগ্রহনকারী সকল ক্যাডেট সন্ধ্যাকালীন পরবর্তী কার্যক্রমে হাফ হাতা গেঞ্জি, হাফ শার্ট, মাপলার গোলগলা গেঞ্জি, সেন্ডেল ইত্যাদি পরিধান করবে না।
    18. মোবাইল ফোন বহন নিরুৎসাহিত করা হলো। তবে যাতায়াত কালীন সময়ে নিজ পরিবার/বিএনসিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রয়োজনে কেহ মোবাইল ফোন বহন করলে, তা ক্যাম্পে আগমনের সাথে সাথে প্লাটুন/প্রতিষ্ঠান ভিত্তিক প্যাকেট করতঃ ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/তার নিয়োজিত স্টাফ কর্তৃক নিজস্ব কোতে জমা করবে যা প্রত্যাবর্তনের দিন ফেরত প্রদান করা হবে। ক্যাডেটগণ নিজেদের মোবাইলের উপর স্কচ টেপ দিয়ে লাগানো সাদা কাগজে নিজের নাম/পরিচয়সহ মোবাইলের মালিকানা নিশ্চিত করতঃ একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে ভরে তা জমা করবে। এছাড়া প্রতিষ্ঠান/প্লাটুন/ব্যাটালিয়ন ভিত্তিক মোবইল সেটের নাম ও মডেল নম্বর এবং ব্যক্তিগত সিম নম্বর ব্যাটালিয়ন সদরে জমা করবে।

    অনলাইনে ফরম পূরণ ও প্রিন্ট

    ক্যাডেটরা bncc.work/consent-form পেজে লগইন করে তথ্য দিলেই হুবহু দাপ্তরিক ফরমেটে সম্মতি ও ঝুঁকি সনদ (ক্রোড়পত্র ‘ঘ’) A4 কাগজে প্রিন্ট বা PDF হিসেবে সংরক্ষণ করতে পারবে। প্লাটুন/ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্তরা একই পেজের “নামীয় তালিকা” অংশে নির্ধারিত ছকে ক্যাডেটদের নামীয় তালিকা তৈরি, সংশোধন ও প্রিন্ট করতে পারবেন। প্রিন্টের পর ক্যাডেট, অভিভাবক ও বিএনসিসিও/পিইউও/টিইউও নিজ হাতে স্বাক্ষর করবেন।

    সূত্র: সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম-এর “সাধারণ নির্দেশিকা– জনযুদ্ধ মতবাদের আলোকে প্রশিক্ষণ ও বাহিনী গঠন– পাইলট প্রজেক্ট”, তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬। নির্দেশিকাটি ‘সীমিত’ শ্রেণিভুক্ত হওয়ায় এখানে শুধু ক্যাডেট ও অভিভাবকদের জানার উপযোগী অংশ প্রকাশ করা হলো। দাপ্তরিক প্রয়োজনে মূল নির্দেশিকাই চূড়ান্ত।

    ক্যাম্পে অংশগ্রহণকারী সকল ক্যাডেটের জন্য শুভকামনা। জ্ঞান · শৃঙ্খলা · স্বেচ্ছাসেবক।

  • বিএনসিসি ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণ পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬: ০৩–০৯ অক্টোবর, কর্ণফুলী রেজিমেন্টের ৭৩ জন অংশ নেবে

    বিএনসিসি ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণ পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬: ০৩–০৯ অক্টোবর, কর্ণফুলী রেজিমেন্টের ৭৩ জন অংশ নেবে

    চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বর ২০২৬: আপদকালীন সময়ে বিএনসিসি ক্যাডেটরা যাতে প্যারামিলিটারি ফোর্স হিসেবে বিশেষ অবদান রাখতে পারে, সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত হচ্ছে “বিএনসিসি ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণ পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬”। বিএনসিসি অধিদপ্তরের ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পত্রের আলোকে কর্ণফুলী রেজিমেন্টের ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্যাডেট মনোনয়নের নির্দেশনা দিয়েছে।

    এক নজরে ক্যাম্প

    ক্যাম্পের নামবিএনসিসি ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণ পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬
    সময়কাল০৩ অক্টোবর ২০২৬ হতে ০৯ অক্টোবর ২০২৬ (মোট ০৭ দিন)
    ভেন্যুকুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ ক্যাম্পাস, চট্টগ্রাম
    আয়োজক ইউনিট১৩ বিএনসিসি ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট, খুলশী, চট্টগ্রাম
    অংশগ্রহণকারীশুধুমাত্র সিনিয়র ডিভিশন ক্যাডেট (৭টি প্রতিষ্ঠান, মোট ৭৩ জন — অফিসারসহ)
    নামীয় তালিকা প্রেরণের শেষ তারিখ০১ অক্টোবর ২০২৬ (ব্যাটালিয়ন দপ্তরে, জরুরি ভিত্তিতে)

    কেন এই পাইলট প্রজেক্ট?

    বিএনসিসি ক্যাডেটরা নিয়মিতভাবে বিভিন্ন অসামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এর পাশাপাশি দেশের যেকোনো আপদকালীন বা জরুরি পরিস্থিতিতে তারা যেন প্যারামিলিটারি ফোর্স হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে — সেই সক্ষমতা গড়ে তোলাই এই পাইলট প্রজেক্টের মূল উদ্দেশ্য। কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন চট্টগ্রাম অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটরা এই প্রশিক্ষণে অংশ নেবে।

    কারা অংশগ্রহণ করবে?

    • নতুন ক্যাডেট: যারা ইতোপূর্বে কোনো ক্যাম্পে অংশগ্রহণ করেনি, প্রধানত তারাই এই ক্যাম্পে অংশ নেবে।
    • পুরাতন (সিনিয়র) ক্যাডেট: ইতোপূর্বে ক্যাম্প করেছে এমন সিনিয়র ক্যাডেটরা কমান্ড এন্ড কন্ট্রোল-এর দায়িত্ব পালনের জন্য অংশ নেবে।
    • এইচএসসি-২০২৬ পরীক্ষার্থী: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের যেসব ক্যাডেট ইতিপূর্বে কোনো ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পে অংশগ্রহণ করতে পারেনি, তারাও এই ক্যাম্পে অংশ নিতে পারবে।
    • শুধুমাত্র সিনিয়র ডিভিশন-এর ক্যাডেটরা নির্ধারিত কোটা অনুযায়ী মনোনীত হবে।

    প্রতিষ্ঠানভিত্তিক কোটা

    ক্র.শিক্ষা প্রতিষ্ঠানবিএনসিসিওপিইউও/ টিইউওপুরাতন ক্যাডেটনতুন ক্যাডেটমোট
    ১সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম–০১০১০৬০৮
    ২সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম–০১০২১০১৩
    ৩ওমরগণি এম.ই.এস. বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম০১–০২১০১৩
    ৪চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম––০২১০১২
    ৫বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম০১–০১১০১২
    ৬চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম––০১০৬০৭
    ৭চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, চট্টগ্রাম–০১০১০৬০৮
    সর্বমোট০২০৩১০৫৮৭৩

    অর্থাৎ ক্যাম্পে মোট ৬৮ জন ক্যাডেট (১০ জন পুরাতন + ৫৮ জন নতুন) এবং তাদের তত্ত্বাবধানে ২ জন বিএনসিসিও ও ৩ জন পিইউও/টিইউও অংশ নেবেন।

    প্রতিষ্ঠান ও ক্যাডেটদের করণীয়

    1. সংশ্লিষ্ট প্লাটুনের বিএনসিসিও/পিইউও কোটা অনুযায়ী সিনিয়র ডিভিশন ক্যাডেটদের বাছাই করবেন।
    2. মনোনীত ক্যাডেটদের নামীয় তালিকা ০১ অক্টোবর ২০২৬-এর মধ্যে ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন দপ্তরে পাঠাতে হবে।
    3. ক্যাম্পের বিস্তারিত নির্দেশিকা (রিপোর্টিং সময়, পোশাক, সঙ্গে আনার সামগ্রী ইত্যাদি) পরবর্তীতে জারি করা হবে — ক্যাডেটরা নিজ প্লাটুন অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবে।

    সূত্র: ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন, কর্ণফুলী রেজিমেন্ট-এর পত্র “বিএনসিসি পাইলট প্রজেক্ট প্রশিক্ষণে ক্যাডেটদের অংশগ্রহণ প্রসঙ্গে”, তারিখ: ০৯ আশ্বিন ১৪৩৩ / ২৪ সেপ্টেম্বর ২০২৬; বরাত: বিএনসিসি অধিদপ্তরের পত্র, তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬। দাপ্তরিক প্রয়োজনে মূল পত্রই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

    ক্যাম্প সম্পর্কিত পরবর্তী নির্দেশিকা ও হালনাগাদ তথ্য প্রকাশিত হলে BNCC Resource Hub-এ জানিয়ে দেওয়া হবে। জ্ঞান · শৃঙ্খলা · স্বেচ্ছাসেবক।

  • ১১ বিএনসিসি ব্যাটালিয়নের সার্কুলার: ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণে নতুন প্লাটুন খোলার নির্দেশনা

    ১১ বিএনসিসি ব্যাটালিয়নের সার্কুলার: ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণে নতুন প্লাটুন খোলার নির্দেশনা

    গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম থেকে প্রেরিত পত্রের (পত্র নং ২৩.০৬.০০০০.০৫২.৩৫.০০৬.১৬-০৪) প্রেক্ষিতে ১১ বিএনসিসি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ তাদের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উদ্দেশ্যে “ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেছে (স্মারক নং ২৩.০৬.০০০০.০৬১.০২.১১.২৫/৪২, তারিখ ২৭ আগস্ট ২০২৬)।

    মূল নির্দেশনা কী?

    বরাত পত্র অনুযায়ী, ১১ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে বিএনসিসির একাধিক প্লাটুন খোলার সুযোগ রয়েছে (অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনায় একাধিক প্লাটুন পরিচালনা সম্ভব), সেসব প্রতিষ্ঠানকে একাধিক প্লাটুন খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান নতুন প্লাটুন খুলতে আগ্রহী, তাদের বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখপূর্বক নির্ধারিত ছক পূরণ করে ব্যাটালিয়ন দপ্তরে তথ্য পাঠাতে হবে।

    নির্ধারিত ছকে যা উল্লেখ করতে হবে

    • শিক্ষা প্রতিষ্ঠানের নাম
    • বর্তমান মোট ছাত্রছাত্রীর সংখ্যা
    • বর্তমান প্লাটুন সংখ্যা (সিনিয়র পুরুষ/মহিলা/মিশ্র ও জুনিয়র)
    • নতুন প্লাটুন খুলতে আগ্রহী কি না (সিনিয়র পুরুষ/মহিলা/মিশ্র ও জুনিয়র অনুযায়ী)
    • মন্তব্য

    সময়সীমা

    সংশ্লিষ্ট তথ্যাদি আগামী ২৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে ১১ বিএনসিসি ব্যাটালিয়ন দপ্তরে প্রেরণ করতে হবে।

    যেসব প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে

    • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
    • চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ
    • নাজিরহাট কলেজ
    • ফটিকছড়ি সরকারি কলেজ
    • হাটহাজারী সরকারি কলেজ
    • নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজ
    • ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়
    • বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়
    • চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়
    • বায়েজীদ বোস্তামী ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়

    অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের বিএনসিসিও/পিইউও/টিইউও কর্মকর্তাদের।

    স্বাক্ষরকারী

    মোঃ রফিকুল হাসান রাফি, মেজর
    ব্যাটালিয়ন এ্যাডজুট্যান্ট, ১১ বিএনসিসি ব্যাটালিয়ন


    সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও অফিসারদের যথাসময়ে ছক পূরণ করে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত জানতে ব্যাটালিয়ন দপ্তরের সাথে যোগাযোগ করুন।

    ১১ বিএনসিসি ব্যাটালিয়ন
    বাড়ী নং ০১, রোড নং ০২, খুলশী আবাসিক এলাকা, চট্টগ্রাম
    ইমেইল: trgbrctg@gmail.com

  • Official Forms & Documents Download Center

    এই ফরমগুলো দাপ্তরিক প্রয়োজনে ব্যবহারের জন্য। ডাউনলোডের পর সঠিকভাবে পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিন।

    ১. ক্যাডেট সংক্রান্ত ফরম (Cadet Related Forms)

    • Cadet Enrollment Form: নতুন ক্যাডেট ভর্তির আবেদন ফরম।
    • Identity Card Application: ক্যাডেট আইডি কার্ডের জন্য আবেদন ফরম।
    • Promotion Application Form: ক্যাডেট পদোন্নতি পরীক্ষার (Certificate A, B, C) জন্য আবেদন।
    • Leave of Absence Form: প্রশিক্ষণ বা ক্যাম্প থেকে ছুটির আবেদন ফরম।
    • Cadet Discharge/Release Form: বিএনসিসি থেকে অব্যাহতি নেওয়ার ফরম।

    ২. অফিসার ও স্টাফ সংক্রান্ত ফরম (Officer & Staff Forms)

    • PUO/TUOT Commission Application: পিইউও বা টিইউও হিসেবে নিয়োগের প্রাথমিক আবেদন ফরম।
    • Officer’s Course Application: বিএমএ বা হেড কোয়ার্টারে বিভিন্ন কোর্সের জন্য আবেদন ফরম।
    • TA/DA Bill Form: প্রশিক্ষণ বা ক্যাম্প ডিউটির যাতায়াত ও ভাতা বিল ফরম।
    • Contingent Bill Form: ইউনিটের বিবিধ খরচের বিল প্রদানের ফরম।
    • Annual Confidential Report (ACR) Template: অফিসারদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের খসড়া।

    ৩. ক্যাম্প ও প্রশিক্ষণ (Camp & Training)

    • Medical Fitness Certificate: ক্যাম্পে যাওয়ার আগে ক্যাডেটদের স্বাস্থ্য পরীক্ষার ফরম।
    • Parental Consent Form: ক্যাম্পে অংশগ্রহণের জন্য অভিভাবকের অনুমতিপত্র।
    • Camp Movement Order Template: ক্যাম্পের জন্য মুভমেন্ট অর্ডার ফরম।
    • Range Firing Record Sheet: অস্ত্র ফায়ারিংয়ের ফলাফল সংরক্ষণের ছক।

    ৪. স্টোর ও ইনভেন্টরি (Store & Inventory)

    • Clothing Issue Voucher: ক্যাডেটদের ইউনিফর্ম ও সরঞ্জাম প্রদানের ভাউচার।
    • Kote/Store Inspection Report: অস্ত্রাগার বা স্টোর রুম পরিদর্শনের রিপোর্ট ফরম।
    • Condemnation Form: অব্যবহারযোগ্য সরঞ্জাম বাতিলের আবেদন ফরম।