চট্টগ্রাম, ০১ অক্টোবর ২০২৬: কর্ণফুলী রেজিমেন্টের ব্যবস্থাপনায় আগামী ০৩–০৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য “জনযুদ্ধ মতবাদের আলোকে প্রশিক্ষণ ও বাহিনী গঠন– পাইলট প্রজেক্ট” (বিএনসিসি ক্যাডেট সক্ষমতা বৃদ্ধিকরণ পাইলট প্রজেক্ট ক্যাম্পিং-২০২৬) উপলক্ষে রেজিমেন্ট সদর দপ্তর ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিস্তারিত সাধারণ নির্দেশিকা জারি করেছে। ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেট, অভিভাবক ও প্লাটুন কর্মকর্তাদের জানার উপযোগী মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো।
এক নজরে ক্যাম্প
| প্রশিক্ষণের নাম | জনযুদ্ধ মতবাদের আলোকে প্রশিক্ষণ ও বাহিনী গঠন– পাইলট প্রজেক্ট |
| স্থিতিকাল | ০৩ অক্টোবর ২০২৬ হতে ০৯ অক্টোবর ২০২৬ — মোট ০৭ (সাত) দিন (যাতায়াতসহ) |
| স্থান | কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম |
| অংশগ্রহণকারী ইউনিট | ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ বিএনসিসি ব্যাটালিয়ন, ৫২ বিএনসিসি ফ্লোটিলা এবং ৫৭ বিএনসিসি স্কোয়াড্রন |
| ক্যাডেট সংখ্যা | সিনিয়র ডিভিশনের ৪০০ জন (৩৫০ জন + ৫০ জন সংরক্ষিত) — সেনা, নৌ ও বিমান উইংসহ |
| মূলদলের যোগদান | ০৩ অক্টোবর ২০২৬, ১৫০০ ঘটিকার মধ্যে ক্যাম্পে |
| পোশাক | খাকী পোশাকে আগমন ও প্রত্যাবর্তন; বেসামরিক পোশাকে যোগদান করা যাবে না |
উদ্দেশ্য
আপদকালীন সময়ে ক্যাডেটরা যাতে প্যারামিলিটারি ফোর্স হিসেবে বিশেষ অবদান রাখতে পারে, সে লক্ষ্যে বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা। নতুন ভর্তিকৃত অথবা ইতিপূর্বে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং করেনি — এমন সিনিয়র ডিভিশন ক্যাডেটদের নিয়ে এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
ক্যাডেট নির্বাচনের নীতিমালা
- যারা ইতিপূর্বে কোনো ক্যাম্পে অংশগ্রহণ করেনি, এমন ৩০০ জন ক্যাডেট অংশ নেবে। কমান্ড ও কন্ট্রোলের জন্য ক্যাম্প সম্পন্নকারী ৫০ জন অভিজ্ঞ পুরাতন ক্যাডেট এবং আরও ৫০ জন সংরক্ষিত হিসেবে থাকবে।
- নির্বাচিত ক্যাডেটদের উন্নত শৃঙ্খলা, শারীরিক যোগ্যতা এবং সামরিক প্রশিক্ষণ গ্রহণের মনোভাব থাকতে হবে।
- শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে; হাঁপানী, হৃদরোগ, কানের সমস্যা, চর্মরোগ বা ছোঁয়াচে রোগে আক্রান্ত ক্যাডেটকে নির্বাচন করা যাবে না।
- মেয়াদোত্তীর্ণ, অব্যাহতিপ্রাপ্ত, বাতিল, বহিষ্কৃত ও ভর্তিবিহীন ক্যাডেটদের কোনোক্রমেই নির্বাচন করা যাবে না।
- নির্বাচিত ক্যাডেটদের অবশ্যই পরিচয়পত্র থাকতে হবে এবং সার্বক্ষণিকভাবে ক্যাম্পে অবস্থান করতে হবে।
প্রতিটি ব্যাটালিয়ন নির্বাচিত বিএনসিসিও, পিইউও, টিইউও ও ক্যাডেটদের নামীয় তালিকা (ক্র/নং, ক্যাডেট নং, পদবী, নাম, শিক্ষা প্রতিষ্ঠান, পূর্বে ক্যাম্পে অংশগ্রহণ করলে তার নাম, মন্তব্য) নির্ধারিত ছকে সফট ও হার্ড কপিতে রেজিমেন্টে প্রেরণ করবে।
প্রশিক্ষণ ও কার্যক্রম
- সংযুক্ত মডিউল অনুযায়ী শেডভিত্তিক প্রশিক্ষণ পরিচালিত হবে; প্রতিদিনের অগ্রগতি রেজিমেন্ট কমান্ডারকে অবহিত করা হবে।
- সিনিয়র পুরুষ ও মহিলা ক্যাডেটদের প্রশিক্ষক দলের তত্ত্বাবধানে ফায়ারিং অনুশীলন এবং উপদলে ভাগ করে বেয়নেট ফাইটিং অনুশীলন করানো হবে।
- ব্যাটালিয়ন পর্যায়ে বাছাইকৃত আইটেম নিয়ে ০৮ অক্টোবর সন্ধ্যায় কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
- ক্যাম্পের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে (উদ্বোধন ০৪ অক্টোবর, সমাপনী ০৮ অক্টোবর)।
- সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী সকল ক্যাডেটকে সনদপত্র প্রদান করা হবে।
- ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থাকবে, সিভিল সার্জন দপ্তরের চিকিৎসক নিয়োজিত থাকবেন। কোনো ক্যাডেট এক দিনের বেশি অসুস্থ থাকলে বা হাসপাতালে ভর্তি হলে সুস্থতা সাপেক্ষে ক্যাম্প হতে প্রত্যাহার করা হবে।
- ক্যাডেটদের সুবিধার্থে ক্যাম্পে একটি ক্যান্টিন থাকবে।
ক্যাডেটদের যা অবশ্যই করতে হবে
- সম্মতি ও ঝুঁকি সনদ (ক্রোড়পত্র ‘ঘ’): প্রত্যেক ক্যাডেট পিতা/মাতার সম্মতিসহ রিস্ক সনদ পূরণ করে নিজ ব্যাটালিয়নের মাধ্যমে ক্যাম্পের অভ্যর্থনা কেন্দ্রে জমা দেবে।
- সরকারী পোশাক ও দ্রব্য সামগ্রীর তালিকা: ক্যাডেটের স্বাক্ষর ও প্লাটুন কমান্ডারের প্রতিস্বাক্ষরসহ তালিকা আগমনের দিনই অভ্যর্থনা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সামরিক প্রশিক্ষকের কাছে জমা দিতে হবে। আগমন ও প্রস্থানের সময় তালিকার সঙ্গে জিনিসপত্র মিলিয়ে দেখা হবে।
- সকল ক্যাডেট অবশ্যই কাঠের রাইফেল সঙ্গে আনবে।
- ক্যাম্পে আগমনের আগে চুল ও দাঁড়ি সঠিকভাবে কেটে আসতে হবে। শৃঙ্খলা বহির্ভূত কাজে লিপ্ত হলে ক্যাডেটশীপ বাতিলসহ নিজ খরচে ক্যাম্প হতে ফেরত পাঠানো হবে।
- কোনো ক্যাডেট ক্যাম্পের অভ্যন্তরে ব্যক্তিগতভাবে মোবাইল ফোন ব্যবহার করবে না; জরুরি যোগাযোগের ব্যবস্থা ক্যান্টিন এনসিও-র তত্ত্বাবধানে থাকবে।
সঙ্গে আনার পোশাক ও জিনিসপত্র
ইউনিফরম, মশারী (বাধ্যতামূলক), বেসামরিক পোশাক, হালকা বিছানাপত্র এবং প্রতি ব্যাটালিয়নের ব্যানারসহ নিচের জিনিসপত্র সঙ্গে আনতে হবে — যা সংশ্লিষ্ট প্লাটুন কমান্ডার নিশ্চিত করবেন:
| ক্রমিক | দ্রব্যের নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | ইউনিফরম (খাকী) | ০২ জোড়া (০১ জোড়া নতুন) |
| ২ | ব্যারেট ক্যাপ ও ক্রম | ০১ টি (নতুন) |
| ৩ | ক্যাপ ব্যাজ বি এন সি সি | ০১ টি (নতুন) |
| ৪ | পিটি সুজ/কেডস | ০১ জোড়া |
| ৫ | বেল্ট | ০১ টি (নতুন) |
| ৬ | ফরমেশন সাইন বিএনসিসি | ০২ টি |
| ৭ | বুট | ০২ জোড়া |
| ৮ | টাইটেল শোল্ডার বিএনসিসি | ০১ জোড়া |
| ৯ | নেম প্লেট | ০২ টি (০১টি নতুন সংরক্ষিত) |
| ১০ | গ্রাউন্ডসীট | ০১ টি (রেজিমেন্ট কর্তৃক দেয়া হবে) |
| ১১ | মশারী (সিঙ্গেল) | ০১ টি (ব্যক্তিগত) |
| ১২ | কম্বল | ০১ টি (ব্যক্তিগত) |
| ১৩ | স্লিপিং ব্যাগ | ইস্যু অনুযায়ী/নিজস্ব |
| ১৪ | হ্যাভার স্যাক | ইস্যু অনুযায়ী/নিজস্ব |
| ১৫ | স্কার্ফ লেডিস (মহিলা ক্যাডেটদের জন্য) | ০১ জোড়া |
| ১৬ | হালকা বিছানা পত্র | প্রয়োজন অনুযায়ী |
| ১৭ | প্লেট, মগ/গ্লাস, ও বালতী (শুধুমাত্র ক্যাডেটদের জন্য) | প্রয়োজন অনুযায়ী |
| ১৮ | মহিলা ক্যাডেটদের জন্য হাইজিন এবং সেনিটেশন দ্রব্যাদি | প্রয়োজন অনুযায়ী |
| ১৯ | সেভিং কীট | প্রয়োজন মত |
| ২০ | আন্ডার গার্মেন্টস | প্রয়োজন মত |
| ২১ | ট্রাউজার | প্রয়োজন অনুযায়ী |
| ২২ | ফুল স্লিভ শার্ট | প্রয়োজন অনুযায়ী |
| ২৩ | শীতবস্ত্র/সোয়েটার/ব্লেজার | প্রয়োজন অনুযায়ী |
| ২৪ | ট্যাক স্যুট | ০১ টি |
| ২৫ | সিভিল সু | ০১ জোড়া |
| ২৬ | অন্যান্য ব্যক্তিগত পোশাক | প্রয়োজন অনুযায়ী |
করণীয়
- ক্যাম্পে অংশগ্রহণকারী সকলকে প্রদত্ত সকল আদেশ, বিধি নিষেধ সম্পূর্ণভাবে মেনে চলতে হবে।
- ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেট কর্তৃক প্রতিদিন ক্যাম্পে ব্যাটালিয়ন ভিত্তিক নির্ধারিত স্থানে ১৯৩০ ঘটিকা হতে ২১৩০ ঘটিকা পর্যন্ত সাংস্কৃতিক কর্মকান্ড অনুশীলন করবে। অনুশীলন কালীন এশার আযানের সময় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ২০ মিনিট অনুশীলন বিরতি পালন নিশ্চিত করবেন।
- ক্যাম্পে অংশগ্রহণকারী সকলকে নির্ধারিত টয়লেট ও ইউরিনাল ব্যবহার করতে হবে।
- প্রশিক্ষণ ক্যাম্পে সকল ক্যাডেটদের গার্জিয়ান/অতিথি আগমন সম্পূর্ণ নিষিদ্ধ। জরুরী প্রয়োজনে ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট এর মাধ্যমে রেজিমেন্ট কমান্ডারের অনুমোদন সাপেক্ষে অনুমোদিত গার্জিয়ান/অতিথি নির্দিষ্ট এলাকায় ক্যাডেটদের সংগে সাক্ষাৎ করতে পারবেন।
- ব্যাটালিয়ন কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যহ সকল ক্যাডেটকে সকাল সন্ধ্যায় ফল ইন ও রোল কলে যোগদান নিশ্চিত করতে হবে।
- মূল্যবান দ্রব্য সামগ্রী যেমন-ঘড়ি এবং নিজস্ব খরচের জন্য সর্বোচ্চ ১০০০/- টাকা সংগে আনা যাবে তবে এগুলো নিজ দায়িত্বে রাখতে হবে এবং হারিয়ে গেলে বা নষ্ট হলে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। ক্যামেরা, ল্যাপটপ কিংবা স্বর্ণলংকার ক্যাম্পে বহন করা যাবে না।
- ক্যাম্পে অংশগ্রহণকারী সকল ক্যাডেট সন্ধ্যাকালীন আহারের পরবর্তী কার্যক্রমের সময় ফুল শার্ট, ফুল প্যান্ট, জুতা, সোয়েটার/কোট ইত্যাদি পরিধান করবে।
অকরণীয়/বর্জনীয়
- বিনা অনুমতিতে অনুশীলন এলাকা ত্যাগ করা যাবে না।
- অফিসার এবং সামরিক ও বেসামরিক কর্মচারীদের বাসস্থান এলাকা এবং ক্যাম্প এলাকা অতিক্রম/গমন করা যাবে না।
- ক্যাম্প চলাকালীন সময় সকল স্থানে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়াদি আলোচনা করা হতে বিরত থাকতে হবে।
- কোন পুরুষ ক্যাডেট, সামরিক প্রশিক্ষক ও বেসামরিক কর্মচারী মহিলা ক্যাডেটদের বাসস্থান বা তদসংলগ্ন এলাকায় এবং কোন মহিলা ক্যাডেট পুরুষ ক্যাডেটদের বাসস্থান বা তদসংলগ্ন স্থানে যেতে পারবে না। এছাড়া সিনিয়র/জুনিয়র ডিভিশন ক্যাডেটগণও একে অন্যের বাসস্থানে যাতায়াত করবে না।
- সরবরাহকৃত ও ক্যাম্পে স্থাপিত নলকূপের পানি ব্যতীত অন্য কোন উৎস হতে পানি পান করা যাবে না।
- নির্ধারিত স্থান ছাড়া উচ্ছিষ্ট খাবার এবং অন্যান্য আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না।
- বাহিরের হোটেল বা রেস্তোরা হতে কোন প্রকার খাদ্য সংগ্রহ/গ্রহণ করা যাবে না।
- ডাক্তারের পরামর্শ ব্যতিরেকে কোন প্রকার ঔষধ সেবন করা যাবে না।
- কোন প্রকার আগ্নেয়াস্ত্র, চাকু, ধারালো অস্ত্র নিজের নিকট রাখা/সংরক্ষণ করা যাবে না।
- ক্যাম্পে অংশগ্রহণকারী ক্যাডেটগণ অনুশীলন এলাকায় ধুমপান করতে পারবে না।
- কোন প্রকার মাদক দ্রব্য সেবন, গ্রহণ ও বহন দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
- দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি এবং জ্বলন্ত কোন বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
- তাঁবুর ভিতর খোলা আগুন দ্বারা আলোর উৎস যেমন-মোমবাতি, কোরোসিনের কুপি, কয়েল ইত্যাদি জ্বালানো যাবে না এবং কেহ কোন প্রকার দাহ্য/রাসায়নিক দ্রব্য রাখতে পারবে না। মশার উপদ্রব হতে রক্ষা পেতে সকলে মশারী ব্যবহার করবে। প্রয়োজনে অডোমাস ক্রিম ব্যবহার করবে যা ক্যান্টিনে পাওয়া যাবে।
- কোন ক্যাডেট মূল্যবান কোন জিনিসপত্র (যেমন-সোনার গহনা, আংটি, রেডিও, পোষা পশু, পাখি, চাকু ইত্যাদি) সংগে আনবে না।
- ক্যাডেটদের পুকুরে গোসল করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
- প্রশিক্ষণ এলাকায় অবস্থিত ফুল বাগান হতে ফুল ছেড়া এবং তার মধ্য দিয়ে যাতায়াত সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।
- ক্যাম্পে অংশগ্রহনকারী সকল ক্যাডেট সন্ধ্যাকালীন পরবর্তী কার্যক্রমে হাফ হাতা গেঞ্জি, হাফ শার্ট, মাপলার গোলগলা গেঞ্জি, সেন্ডেল ইত্যাদি পরিধান করবে না।
- মোবাইল ফোন বহন নিরুৎসাহিত করা হলো। তবে যাতায়াত কালীন সময়ে নিজ পরিবার/বিএনসিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রয়োজনে কেহ মোবাইল ফোন বহন করলে, তা ক্যাম্পে আগমনের সাথে সাথে প্লাটুন/প্রতিষ্ঠান ভিত্তিক প্যাকেট করতঃ ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/তার নিয়োজিত স্টাফ কর্তৃক নিজস্ব কোতে জমা করবে যা প্রত্যাবর্তনের দিন ফেরত প্রদান করা হবে। ক্যাডেটগণ নিজেদের মোবাইলের উপর স্কচ টেপ দিয়ে লাগানো সাদা কাগজে নিজের নাম/পরিচয়সহ মোবাইলের মালিকানা নিশ্চিত করতঃ একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে ভরে তা জমা করবে। এছাড়া প্রতিষ্ঠান/প্লাটুন/ব্যাটালিয়ন ভিত্তিক মোবইল সেটের নাম ও মডেল নম্বর এবং ব্যক্তিগত সিম নম্বর ব্যাটালিয়ন সদরে জমা করবে।
অনলাইনে ফরম পূরণ ও প্রিন্ট
ক্যাডেটরা bncc.work/consent-form পেজে লগইন করে তথ্য দিলেই হুবহু দাপ্তরিক ফরমেটে সম্মতি ও ঝুঁকি সনদ (ক্রোড়পত্র ‘ঘ’) A4 কাগজে প্রিন্ট বা PDF হিসেবে সংরক্ষণ করতে পারবে। প্লাটুন/ব্যাটালিয়ন দায়িত্বপ্রাপ্তরা একই পেজের “নামীয় তালিকা” অংশে নির্ধারিত ছকে ক্যাডেটদের নামীয় তালিকা তৈরি, সংশোধন ও প্রিন্ট করতে পারবেন। প্রিন্টের পর ক্যাডেট, অভিভাবক ও বিএনসিসিও/পিইউও/টিইউও নিজ হাতে স্বাক্ষর করবেন।
সূত্র: সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রাম-এর “সাধারণ নির্দেশিকা– জনযুদ্ধ মতবাদের আলোকে প্রশিক্ষণ ও বাহিনী গঠন– পাইলট প্রজেক্ট”, তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬। নির্দেশিকাটি ‘সীমিত’ শ্রেণিভুক্ত হওয়ায় এখানে শুধু ক্যাডেট ও অভিভাবকদের জানার উপযোগী অংশ প্রকাশ করা হলো। দাপ্তরিক প্রয়োজনে মূল নির্দেশিকাই চূড়ান্ত।
ক্যাম্পে অংশগ্রহণকারী সকল ক্যাডেটের জন্য শুভকামনা। জ্ঞান · শৃঙ্খলা · স্বেচ্ছাসেবক।


Leave a Reply